Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত!

পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত!
খুলনার পাইকগাছায় বিপুল পরিমাণ অবৈধভাবে সংগ্রহ করা পারশে পোনা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে। জব্দকৃত পোনা স্থানীয় শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে। 

৬ মে বুধবার দুপুরে উপজেলার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে সুন্দরবন ও এর আশপাশের নদ-নদী থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়। জানাযায় এসব পোনা স্থানীয় বিভিন্ন মৎস্য চাষি ও চিংড়ি ঘেরে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

অভিযান শেষে জব্দকৃত পারশে পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম এবং ক্ষেত্র সহকারী রণধীর সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যক্তি সুন্দরবন ও তৎসংলগ্ন নদ-নদী থেকে পারশে এবং অন্যান্য মাছের পোনা সংগ্রহ করে বিভিন্ন চিংড়ি ঘের ও মাছ চাষিদের কাছে সরবরাহ করে থাকে।
যদিও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে পারশে মাছের পোনা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন, তবে এখনো বাণিজ্যিক ভিত্তিতে কোনো হ্যাচারি বা ব্যক্তি উদ্যোগ গড়ে ওঠেনি।
ফলে উপকূলীয় অঞ্চলের হাজার হাজার ঘের মালিক এখনো পারশে পোনার জন্য প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীল।
স্থানীয় চিংড়ি চাষিদের মতে, বাগদা ও গলদা চিংড়ির মতো বাণিজ্যিকভাবে পারশে পোনা উৎপাদনে সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং প্রাকৃতিক মৎস্য সম্পদের ওপর চাপও কমবে।
প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীল ঘের খাত সহ উপকূলীয় অঞ্চলে পারশে পোনার চাহিদা ও কৃত্রিম উৎপাদনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF