Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : হামে শিশু মৃত্যু, ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করুন: ঢাকায় মানববন্ধনে বক্তারা

হামে শিশু মৃত্যু, ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করুন: ঢাকায় মানববন্ধনে বক্তারা


দেওয়ান মাসুকুর রহমান 
নিজস্ব প্রতিবেদক | ২৪ মে ২০২৬ : "হামের উপসর্গ নিয়ে হাসপাতাল গুলোতে শিশু মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। এটি কাঠামোগত হত্যা। রামিসা-আছিয়াসহ সারাদেশে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা আমাদের সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির নিষ্ঠুর দৃষ্টান্ত। যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃস্টি করে। এরকম লোমহর্ষক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে এটাই সর্ব সাধারণের প্রত্যাশা।"

অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে এদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। 

রবিবার (২৪ মে ২০২৬) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব-এর সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর জন্য স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, টিকাদান সংকট ও রাষ্ট্রীয় ব্যর্থতাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একইসঙ্গে রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু ধারাবাহিক অবহেলা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশুদের জীবন আজ চরম ঝুঁকির মুখে। এই পরিস্থিতির বিরুদ্ধে সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সকল শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপরোক্ত মন্তব্য করেন।

মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনে সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল-মামুন চৌধুরী। 

সভা পরিচালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের  সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংস্কৃতিক সংগঠন ‘’আনন্দন’’-এর প্রধান সংগঠক এ কে আজাদ, ‘’কেন্দ্রীয় খেলাঘর’’ এর সাধারণ সম্পাদক রেজাউল কবির, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম সমন্বয়ক মো, নুরুল আমিন, অধ্যাপক রেনেসা পারভিন, মাইনউদ্দিন ভূইয়া, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF